জয়পুরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাহত NEET-PG পরীক্ষা
শঙ্খচিল নিউজঃ পরীক্ষা পরিচালনাকারী সংস্থা NBEMS 5 সেপ্টেম্বর ফের সেখানে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র যে পরীক্ষার্থীরা সেদিন পরীক্ষা দিতে পারেননি, আগামী মাসে জয়পুরে বিকেল তিনটে থেকে এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এদিকে, দেশের অন্যান্য কেন্দ্রে NEET-PG 2026 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, 1,111টি কেন্দ্রে 2.6 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জয়পুরের সীতাপুরায় দুটি 'আয়ন ডিজিটাল জোন' (iON Digital Zone) কেন্দ্রে অভ্যন্তরীণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। NBEMS-এর বিজ্ঞপ্তিতে এই বিভ্রাটের জন্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান 'টিসিএস লিমিটেড' (TCS Ltd)-কে দায়ী করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্র দু'টি হল—আয়ন ডিজিটাল জোন iDZ সীতাপুরা (টিসি নম্বর 41682 এবং 41683)। আধিকারিকরা জানিয়েছেন, প্রযুক্তিগত সহযোগী সংস্থা এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতে NBEMS একটি জরুরি বৈঠক ডেকেছে।
বোর্ড জানিয়েছে, পুনরায় পরীক্ষার কেন্দ্র এবং সংশোধিত অ্যাডমিট কার্ড-সহ বিস্তারিত তথ্য পরে জানানো হবে। যেসব পরীক্ষার্থী পরীক্ষা সম্পন্ন করতে পারেননি, তাঁদের অসুবিধার জন্য বোর্ড দুঃখপ্রকাশও করেছে ৷ তারা জানিয়েছে , পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে, কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন, পরীক্ষার সময় তাঁদের কম্পিউটার সিস্টেম ছয় থেকে সাতবার বন্ধ হয়ে গিয়েছিল ৷ আবার কেউ কেউ অভিযোগ করেন, বিভ্রাট আরও ঘন ঘন হয়েছিল ৷
Comments
Post a Comment