নেতাজীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতা, দার্জিলিঙে কড়া বার্তা স্পিকার রথীন্দ্রনাথ বোসের
শঙ্খচিল: নিজস্ব প্রতিবেদক:
দার্জিলিং, ১৩ আগস্ট: নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও ধরনের বিতর্কিত বা আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। বৃহস্পতিবার দার্জিলিংয়ের গিরদা পাহাড়ে নেতাজী মিউজিয়াম পরিদর্শনে এসে তিনি বলেন, নেতাজী বাঙালি তথা ভারতবাসীর গর্ব এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য।
স্পিকার বলেন, “নেতাজী আমাদের মননে, নয়নে, আমাদের হৃদয়ে। আমরা নেতাজীকে নিয়ে গর্বিত। দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতাজীর বড় ভূমিকা রয়েছে। ওনাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।”
বর্তমান পরিস্থিতিতে নেতাজীর গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “আজকে যা পরিস্থিতি, নেতাজী আমাদের মনে আছেন। নেতাজীকে মুছে ফেলা যাবে না। নেতাজীকে নিয়ে এমন কথা বলা উচিত নয়, যা সমাজের ওপর প্রভাব ফেলতে পারে।”
কেউ অন্যায় করে থাকলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট করেন বিধানসভার স্পিকার। তিনি বলেন, “যেকোনও অন্যায় যদি কেউ করে থাকে, সরকার ব্যবস্থা নেবে। নেতাজীকে দেবতা হিসেবে পুজিত করা হয়। এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা সমাজের ওপর প্রভাব ফেলবে।”
এদিন নেতাজী মিউজিয়াম পরিদর্শনের পাশাপাশি তাঁর স্মৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় ঘুরে দেখেন স্পিকার। নেতাজীকে ঘিরে মানুষের আবেগ ও শ্রদ্ধার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজীর অবদান চিরস্মরণীয়।
Comments
Post a Comment