রায়চকে তৈরি হবে যুদ্ধজাহাজ, কর্মসংস্থানের আশায় স্থানীয়রা
শঙ্খচিল নিউজঃ
পশ্চিমবঙ্গের শিল্প ও প্রতিরক্ষা উৎপাদনের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে চলেছে। প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে এখানে গড়ে উঠছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই-র অত্যাধুনিক গ্রিনফিল্ড শিপবিল্ডিং ও রিপেয়ার হাব। 200 মিটার পর্যন্ত লম্বা যুদ্ধজাহাজ তৈরি হবে এই কারখানায় । তৈরি হবে বাণিজ্যিক জাহাজও ।
হুগলি নদীর তীরবর্তী এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকাঠামো তৈরির তৎপরতা। বুধবার রায়চকের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের অধীনে থাকা এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা বন্দরের আধিকারিকরাও। পরিদর্শনের সময় প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি নদীপথের ব্যবহার, জেটি, ওয়াটারফ্রন্ট এবং জাহাজ নির্মাণ ও মেরামতির পরিকাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। প্রকল্পের অগ্রগতি এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতিও খতিয়ে দেখা হয়। রায়চকে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের মালিকানাধীন প্রায় 32 একর নদী তীরবর্তী জমি দীর্ঘমেয়াদি চুক্তিতে নিয়ে এই গ্রিনফিল্ড হাব তৈরি করছে জিআরএসই। প্রকল্প এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রায় 356 মিটার দীর্ঘ ওয়াটারফ্রন্ট এবং একটি জেটি।
হুগলি নদীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় বড় আকারের জাহাজ নির্মাণ ও মেরামতির ক্ষেত্রে এই জায়গাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জিআরএসই-র পরিকল্পনা অনুযায়ী, রায়চকের নতুন কারখানায় প্রায় 200 মিটার দীর্ঘ যুদ্ধজাহাজ নির্মাণ সম্ভব। পাশাপাশি, 60 হাজার ডেডওয়েট টন বা DWT পর্যন্ত বাণিজ্যিক জাহাজ নির্মাণ এবং মেরামত করা যাবে। ফলে এই হাব শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রের যুদ্ধজাহাজ নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না।
বৃহৎ বাণিজ্যিক জাহাজের নির্মাণ ও মেরামতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। কলকাতা বন্দর এবং হুগলি নদীকে কেন্দ্র করে শিপবিল্ডিং ও রিপেয়ার পরিষেবায় নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই কারখানাকে ঘিরে। প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল জিআরএসই-র ভবিষ্যৎ প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। বড় আকারের যুদ্ধজাহাজ নির্মাণের জন্য আধুনিক ও বৃহৎ পরিকাঠামোর প্রয়োজন হয়।
রায়চকে সেই পরিকাঠামো তৈরি হলে ভারতীয় নৌ-বাহিনীর পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার বা অন্য বড় যুদ্ধজাহাজ নির্মাণের কাজের জন্য দরপত্রে অংশ নেওয়ার ক্ষেত্রে জিআরএসই-র সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। গত 23 অগস্ট কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রায়চক-সহ মোট পাঁচটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর। স্থাপন করেন।
Comments
Post a Comment