কলকাতা ডার্বির আগেই সুপার সিক্সে পৌঁছে গেল বাগান
শঙ্খচিল নিউজঃ
অ্যালেক্সে সাজি কিংবা কিয়ান নাসিরি'রা নিয়মিত খেলছেন ৷ শনিবার সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং'দেরও একাদশে রেখেছিল তারা ৷ তবু রেলওয়ে এফসি'র বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল মোহনবাগান ৷ কিন্তু শেষ পর্যন্ত 3-1 গোলে জিতে লিগ টেবলে তিনে উঠে এল সবুজ-মেরুন ৷
তবে মজার ব্যাপার লিগ টেবলে দু'য়ে থাকা ইস্টবেঙ্গলের আগে সুপার-সিক্সে পা রাখল তারা ৷ রবিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ-এ থেকে তৃতীয় দল হিসেবে সুপার-সিক্সে যাবে লাল-হলুদ ৷ আসলে এক ম্য়াচ বাকি থাকতেই কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার করল বেহালা এস এস ৷ সেই দলের বিরুদ্ধেই গ্রুপ পর্বের শেষ ম্য়াচে নামার কথা ছিল মোহনবাগানের ৷ কিন্তু বিএসএস নাম প্রত্যাহার করেন নেওয়ায় সেই ম্য়াচের তিন পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল বাস্তব রায়ের দল ৷ অর্থাৎ, 10 ম্য়াচে এখন 22 পয়েন্ট মোহনবাগানের ঝুলিতে ৷ তুলনায় এক ম্য়াচ কম খেলে দু'পয়েন্ট পিছিয়ে ইস্টবেঙ্গল ৷ রবিবার কাস্টমসের বিরুদ্ধে এক পয়েন্ট তাদেরও পৌঁছে দেবে সুপার সিক্সে ৷ তাহলে কলকাতা লিগে ডার্বির আগেই সুপার সিক্সে পৌঁছে যাবে দুই প্রধান ৷ উল্লেখ্য, গ্রুপ-এ থেকে ভবানীপুর আগেই নিশ্চিত করেছে সুপার সিক্স ৷ গত ম্য়াচে জর্জ টেলিগ্রাফকে হাফডজন গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল মোহনবাগান ৷ সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই রেলওয়ে এফসি'র বিরুদ্ধে 3-1 গোলে জিতল তারা ৷ কলকাতা লিগে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে থাকতে হলে এদিন জয় ছাড়া কোনও বিকল্প ছিল না মোহনবাগানের সামনে ৷ কারণ তখনও বিএসএসের নাম প্রত্যাহারের খবর সামনে আসেনি ৷ পাল্টা লড়াইয়ের লক্ষ্যে নেমেছিলেন রেলওয়ে ফুটবলাররাও ৷
Comments
Post a Comment