রাজ্যে বর্ষার প্রবেশ সম্পূর্ণ, উত্তরে দুর্যোগের সতর্কতা; ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণে
![]()
কলকাতা, 16 জুন: রাজ্যে বর্ষামঙ্গল সম্পূর্ণ । উত্তরবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অব্যাহত । বর্ষা পুরো রাজ্যে ছড়িয়ে পড়তেই বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে । এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল । দক্ষিণবঙ্গে তা প্রবেশ করলেও পশ্চিমের জেলাগুলোতে বাকি ছিল । আলিপুর আবহাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী, সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ সম্পূর্ণ হয়েছে । একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি পরিস্থিতি
আবহাওয়াবিদরা
জানিয়েছেন, বর্তমানে একটি মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে বিহার পর্যন্ত
বিস্তৃত রয়েছে । এছাড়া পূর্ব বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত
বায়ুমণ্ডলের একটি নিম্নস্তরের অক্ষরেখা সক্রিয় রয়েছে । এই পরিস্থিতির
জেরে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ।
আজ 16 জুন
মঙ্গলবার থেকে 21 জুন রবিবার পর্যন্ত ওপরের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং,
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের অধিকাংশ জায়গায় হালকা
থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
17 থেকে 20 জুন পর্যন্ত অর্থাৎ, বুধ থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে । দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়া মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.02 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 01.04 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.09 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 01.09 ডিগ্রি সেলসিয়াস বেশি । আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 এবং সর্বনিম্ন 59 শতাংশ ।
Comments
Post a Comment